বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়, বন ও নদীঘেরা পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনি লড়াই। তফশিল ঘোষণার পর থেকেই জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে নির্বাচনের আমেজ। বাঙালিসহ ১২টি জনগোষ্ঠীর সম্প্রীতির এই জনপদে এবার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ। প্রার্থীরা দুর্গম পাহাড়ি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা আসনটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবার নতুন মাত্রা পেয়েছে। পরিবর্তনের প্রত্যাশায় ভোটারদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বান্দরবানে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।