প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে সনাতনী সমাজের সঙ্গে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর মতবিনিময়


সংযুক্ত ছবি

সনাতনী সমাজের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় | ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে সনাতনী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান রাজবাড়ির নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশসহ জেলা সদরের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষও সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, “ভোটকেন্দ্রে সবাই যেন নির্ভয়ে যান। বান্দরবানে ১৪টি জাতিসত্তা বসবাস করে, এখানে সম্প্রীতির বন্ধন রয়েছে। রাষ্ট্রীয়ভাবে যেই আসুক না কেন, আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব।” তিনি সবাইকে কষ্ট করে হলেও ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “বছরে দু’বার বা তিনবার হলেও এভাবেই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন।” এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিয়ে সবাইকে পরিবেশবান্ধব হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় পাহাড়ি অঞ্চলের পানির সংকট, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন বিএনপির এ প্রার্থী।