ভোট কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু সংবাদ | ছবি: সংগ্রহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রস্তুতি হিসেবে বান্দরবানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি কর্মশালার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা সুলতনা খান হীরামনির সভাপতিত্বে প্রশিক্ষণে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত থেকে ভোট কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে নির্দেশনা দেন। প্রশিক্ষণে নির্বাচনী আইন, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২৭ জানুয়ারি বিকেল পর্যন্ত চলবে কর্মশালা। বান্দরবান ৩০০নং আসনে এবার চারজন প্রার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য ১৮৭ প্রিজাইডিং অফিসার, ৭৩২ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,৫০৫ পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছে।