প্রকাশ :: ... | ... | ...

বিশ্বকাপের বাইরে বাংলাদেশ, স্থবিরতায় দেশের ক্রিকেট


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছেন—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। যে মাঠে খেলার কথা ছিল, সেই মাঠে নয়; বরং ভিন্ন এক বাস্তবতায় সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিষয়টি আপাতদৃষ্টিতে ধোঁয়াশা মনে হলেও জানা গেছে, এসব কথার বক্তা ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত ১৫ সদস্যের দলের একজন ক্রিকেটার। নাম প্রকাশ না করলেও তার কণ্ঠে ফুটে উঠেছে দেশের ক্রিকেট নিয়ে চরম হতাশা। বাংলাদেশ ক্রিকেট দলের থাকার কথা ছিল ভারতের বেঙ্গালুরুতে। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সূচিও ছিল। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা একাধিক ক্রিকেটারের সঙ্গে গতকাল কথা বলে জানা গেছে, কেউ রয়েছেন গ্রামের বাড়িতে, কেউ আবার ঢাকায় অবসর সময় কাটাচ্ছেন। বিশ্বকাপে না থাকার এই ধাক্কা যেন আছড়ে পড়েছে পুরো দেশের ক্রিকেট ব্যবস্থায়। এর বাস্তব চিত্র দেখা গেছে গতকাল দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ১২টার দিকে স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, ক্রিকেটারদের প্রস্তুতির জন্য নির্ধারিত একাডেমি মাঠে কোনো ব্যস্ততা নেই। নেই ফিটনেস ট্রেনিং কিংবা অনুশীলনের কোনো চিহ্ন। মাঠে শুধু কয়েকজন মাঠকর্মীকে ঘাস কাটতে দেখা গেছে—যা একাডেমি মাঠের জন্য একেবারেই বিরল দৃশ্য। শুধু একাডেমি মাঠেই নয়, পুরো মিরপুর এলাকাতেই গতকাল ক্রিকেটারদের কোনো আনাগোনা দেখা যায়নি। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর বাংলাদেশের ক্রিকেট যে এক গভীর স্থবিরতার মধ্যে পড়েছে, তারই প্রতিচ্ছবি মিলেছে মিরপুরে।